
নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন শিক্ষার্থীর নাম আফরোজা নার্গিস। তিনি দাখিল পরীক্ষার্থী এবং লামা উপজেলার হায়দারনাশী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। আজ ২৬ এপ্রিল লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা দিতে এসে পরীক্ষারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একই পরীক্ষাকেন্দ্রে আরও একজন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়।
অন্যদিকে, লামা উপজেলার সরই ইউনিয়নের সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া জানান, অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরম ও পানিশূন্যতার কারণে হিটস্ট্রোকের ঘটনা ঘটছে। এ অবস্থায় শিক্ষার্থীসহ সবাইকে বেশি করে পানি পান, রোদে কম বের হওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে গরমের মধ্যে ক্লাস ও পরীক্ষা কার্যক্রমের সময়সূচি পুনর্বিবেচনা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন