
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
ঐতিহ্যের ধারক বন্দরনগরী চট্টগ্রাম আবারও প্রস্তুত বহুল প্রতীক্ষিত “জব্বরের বলি খেলা”কে ঘিরে । আগামী ২৫ এপ্রিল, শনিবার, নগরীর প্রাণকেন্দ্র লালদীঘি ময়দানে শুরু হতে যাচ্ছে ১১৭তম ঐতিহ্যবাহী আব্দুল জব্বার সওদাগরের বলি খেলা, যা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জব্বইজ্জার বলিখেলা নামে সুপরিচিত শতবর্ষ অতিক্রম করা এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে পুরো নগরী ও আশপাশের এলাকা।
আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলেও এবার সময়ের সীমাবদ্ধতার কারণে আয়োজনটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে । তবে জাঁকজমক ও দর্শনার্থীদের আগ্রহে কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
ঐতিহাসিকভাবে জানা যায়, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করা এবং বিনোদনের মাধ্যমে আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই বলি খেলার সূচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জব্বার সওদাগর । সময়ের পরিবর্তনে আয়োজনের ধরনে কিছু পরিবর্তন এলেও এর ঐতিহ্যবাহী চেতনা আজও অটুট রয়েছে ।
বলি খেলার পাশাপাশি লালদীঘি ময়দান ও আশপাশজুড়ে বসবে ঐতিহ্যবাহী মেলা । মেলায় তালপাতার পাখা, মাটির তৈরি নানান সামগ্রী, প্রসাধনীসহ বিভিন্ন গ্রামীণ ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটবে । বিশেষ করে এমন অনেক প্রাচীন সামগ্রী পাওয়া যাবে, যা বর্তমান প্রজন্মের কাছে প্রায় অচেনা ।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কমিশনার জানিয়েছেন, আয়োজনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে । এ ক্ষেত্রে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না ।
প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে । তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের স্মৃতিচারণায় মুখর থাকবে পুরো আয়োজন । বছরজুড়ে অপেক্ষার পর আবারও শুরু হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য নিদর্শন “জব্বরের বলি খেলা”।
মন্তব্য করুন