
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে আদালতের মামলা ও নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দীর্ঘ ৪৫ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের অপচেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার উত্তর দরদরী নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাতে লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ ইউনুছ (৪০) জানান, ২৯৪ নং দরদরী মৌজার আর/৫২ নং হোল্ডিংভুক্ত ৫.০০ একর জায়গা তাঁর বাবা মৃত নুরুল আলম ১৯৮২-৮৩ সালে বন্দোবস্তি মূলে প্রাপ্ত হন। দীর্ঘ ৪৫ বছর ধরে তাঁরা সেখানে ফলজ ও বনজ বাগান সৃজন করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু বর্তমানে জায়গার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় আবুল বাশার ও আবুল হাসানাতের নেতৃত্বে একটি চক্র ওই জমি দখলের পাঁয়তারা শুরু করে।
জমি নিয়ে বর্তমানে বান্দরবান জজ আদালত ও লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫টি মামলা (যথা: সিআর ১৫৬, সিআর ১৫/২৫ ও ২২/২৫) বিচারাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, মামলা চলমান থাকা সত্ত্বেও আজ সকাল ১১টার দিকে আবুল বাশার ও আবুল হাসানাতের নেতৃত্বে ৫০-৬০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জায়গায় অনধিকার প্রবেশ করে।
ভুক্তভোগীরা আরো জানান, জবরদখলে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মোঃ ইউনুছ, তাঁর ভাই মোঃ ইব্রাহিম, ভাতিজি জোসনা (২১) এবং ছোট ভাইয়ের স্ত্রী আমেনা বেগমকে (২৬) পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় নারীদের শ্লীলতাহানি করা হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ইউনুছ অভিযোগ করেন, বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা এবং এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলে সংযোগ না পাওয়ায় তাদের কোনো বক্তব্য নেওয়া যায়নি।
মন্তব্য করুন