মোস্তফা কামাল
কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে নতুন চালু হওয়া গ্যাসপাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলকে মুঠোফোনে কল দিয়ে গ্যাসপাম্পে বিস্ফোরণ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে জানতে চান। এ সময় তিনি সংসদ সদস্যকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, রাত ৮টা ২০ মিনিটে আমার মুঠোফোনে কল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর বাইপাস সড়কে গতকাল বিস্ফোরণ ঘটা গ্যাসপাম্প এবং ভয়াবহ আগুনে দগ্ধ ও ক্ষতিগ্রস্ত লোকজনের সর্বশেষ অবস্থা জানতে চান। পাম্পে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা, তদন্ত কমিটি গঠনসহ বিস্তারিত জানানোর পর প্রধানমন্ত্রী আমাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।
উল্লেখ্যঃ শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে বাইপাস সড়কের আদর্শগ্রামে (চন্দ্রিমা হাউজিংয়ে প্রবেশমুখে) কক্সবাজার এলপিজি স্টেশনে নামে গ্যাসপাম্পটি নির্মিত হয়। গত বুধবার সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়।
বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িসহ নানা প্রতিষ্ঠানে। আগুনে ৩০টির মতো গাড়ি, চারটি বাড়িসহ নানা অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হন অন্তত ১৫ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।