
চকরিয়া সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাছড়ি ছড়ার কূলে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
সম্প্রতি ওই এলাকায় বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে বালুখেকো চক্রের হামলার শিকার হন চকরিয়ায় কর্মরত তিন সাংবাদিক—এম জিয়াবুল হক, ছোটন কান্তি নাথ ও ইকবাল ফারুক। অভিযোগ রয়েছে, চিহ্নিত বালু ব্যবসায়ী নাজেম উদ্দিনের নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা এই হামলার মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন