কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার মরহুম মকবুল আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করছিলেন নিহতের ভাতিজা আলী আহমদ (৬০)। খবর পেয়ে চাচা মোহাম্মদ কালু সেখানে উপস্থিত হয়ে চাষাবাদে বাধা দেন। এ সময় দু’জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা আলী আহমদ তার চাচা মোহাম্মদ কালুকে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত মোহাম্মদ কালুকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজা আলী আহমদকে আটক করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন