
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে সড়কের পাশের পানিভর্তি নালায় পড়ে সাইফুল ইসলাম (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মরনঘোনা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম পুরিত্যাখালী ৬ নম্বর ওয়ার্ডের দিনমজুর সেলিমের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশের রাস্তায় খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে পাশের পানিভর্তি ডুবা নালায় পড়ে যায় সে। কিছুক্ষণ পর পথচারীরা নালায় শিশুর দেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত ছুটে আসেন।
স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খোলা নালা ও ডুবা স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।
মন্তব্য করুন