
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নকে বিভক্ত করে পহরচাঁদা (প্রস্তাবিত) ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ডসীমার খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও সীমানা নির্ধারণ কর্মকর্তার কার্যালয়, পহরচাঁদা (প্রস্তাবিত) ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার থেকে একটি নোটিশ জারি করা হয়। নোটিশে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা), কক্সবাজারের প্রেরিত স্মারকের আলোকে এ কার্যক্রম শুরু হয়েছে।
নোটিশ অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, চকরিয়া, কক্সবাজারের নিকট ০৫ মার্চ ২০২৬ তারিখের এক স্মারক মোতাবেক সীমা নির্ধারণ কার্যক্রমের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে প্রস্তাবিত পহরচাঁদা ইউনিয়ন এবং বিদ্যমান বরইতলী ইউনিয়নের ওয়ার্ডসমূহের পুনর্বিন্যাস/সীমা নির্ধারণের খসড়া প্রস্তুত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সীমা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন কাজ শেষে বর্তমান বরইতলী ইউনিয়নের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে নতুনভাবে ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করেছেন। একইসঙ্গে খসড়া মানচিত্রও প্রকাশ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১৩ নম্বর ধারার উপধারার আলোকে, প্রকাশিত এ খসড়া প্রস্তাবের বিরুদ্ধে কোনো আপত্তি, মতামত বা পরামর্শ থাকলে তা ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা যাবে।
প্রকাশিত নোটিশের সঙ্গে
১. ওয়ার্ডসমূহের তালিকা (মৌজা চিহ্নিত করে) এবং
২. ওয়ার্ডসমূহের ম্যাপ
সংযুক্ত রয়েছে বলে জানানো হয়।
নোটিশে স্বাক্ষর করেন মোঃ আলোময়ুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার; যিনি সীমা নির্ধারণ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।
মন্তব্য করুন