
নজরুল ইসলাম
বান্দরবান জেলার সর্ববৃহৎ উপজেলা লামা উপজেলা-এ বর্ণিল আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এবারের প্রতিপাদ্য ছিল— “মুক্তিযুদ্ধের চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। এতে লামা উপজেলা প্রশাসন, লামা থানা, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ-এ পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা। তিনি প্রধান অতিথির সঙ্গে প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন।
পরে প্যারেড কমান্ডার নাজমুল কবিরের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের অংশগ্রহণে চমৎকার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে কুচকাওয়াজ, ডিসপ্লে, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন