
নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলায় লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি নামক স্থানে একটি সরকারি চালবোঝাই ট্রাক উল্টে গিয়ে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৬) আনুমানিক সকাল ১১:০০ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে সরকারি চাল নিয়ে আলীকদমের উদ্দেশ্যে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে আসা ট্রাকটি (চট্র মেট্রো-১২০১৮৬) অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় ট্রাকের চালক ও সহকারী চিৎকার করে বলেন, “সরে যান, গাড়ির ব্রেক কাজ করছে না।” পরে লাইনঝিরির বাঁকে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে গেলে স্থানীয়রা বালি ও পানির সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতরা হলেন—চালক শাহেদ (৩০), তার বাড়ি চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় এবং সহকারী শওকত ওসমান (২৫), তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। গুরুতর আহত অবস্থায় তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন।
ঘটনার খবর পেয়ে লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে ট্রাকটির সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি জুনায়েদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
মন্তব্য করুন