
নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম দুলালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
জানা যায়, প্রায় চার মাস আগে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার পানি টাংকি এলাকার বাসিন্দা আব্দুর রহিম দুলাল ওয়ালটনের একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তার চিকিৎসার জন্য ওয়ালটন কর্তৃপক্ষ ১ লাখ টাকা সহায়তা প্রদান করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আরও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয় এবং বিষয়টি নিষ্পত্তি হয়।
পরে বিষয়টি ওয়ালটন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে মানবিক বিবেচনায় নিহতের পরিবারের জন্য অতিরিক্ত সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বেলা ১১টায় লামা ওয়ালটনের মাধ্যমে নিহতের পরিবারকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন নিহতের স্ত্রী রহিমা বেগমের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লোহাগাড়া ওয়ালটনের ব্যবস্থাপক আফলাত হোসেন, লামা ওয়ালটনের ব্যবস্থাপক নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা ওয়ালটনের এ মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন।
মন্তব্য করুন