
নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে অনুপ্রবেশের সময় ৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় পুরো ঘটনাটি সাংবাদিকের ক্যামেরায় ধারণ করা হয়।
জানা যায়, উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জাগরণ নিউজ ২৪-এর প্রতিনিধি নজরুল ইসলাম। পরবর্তীতে বিষয়টি ক্যামেরাবন্দি করা হয় এবং স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মাহমদ করিম (৪৪), উসমান গণি (২৫), আনাস (২৪), হারাস (২০), মাহমদ নূর (২৬), ছৈয়দ হোছন (৫০) এবং শফিক (৫৫)। তাদের সবার ঠিকানা কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প বলে জানা গেছে।
পরে আটক ৭ জন রোহিঙ্গাকে সরই পুলিশ ফাঁড়ির সহায়তায় স্থানীয় গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকা হয়ে অবৈধভাবে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন