
(কবিতা)
কদর রজনী
সাইফুল মোস্তফা
মহান আল-কোরআনের ধারক যিনি,
নূর-নবীজি সরদার নবী-রাসুল;
পবিত্র কোরআন বয়ে আনতেই
জিবরাইল নেতা হলেন ফেরেশতাকুল।
মরুর দেশ হতে জাজিরাতুল আরব,
অলক্ষুণে ইয়াসরিব পুণ্যময় মদিনা;
শিরক-কুফরের তীর্থস্থান বাক্কা—
কোরআনের কল্যাণে পবিত্র মক্কা।
কোরআনের পরশে স্বল্পমূল্য কাপড়ও
গিলাফ হয়ে পায় মহামূল্য আদর;
সাধারণ কাঠের রেহালটিও পায়
সম্মানের চুম্বন, শ্রদ্ধার অমর।
একটি ছিল অখ্যাত নীরব রজনী,
কোরআনের নূরে হলো বিখ্যাত কদর;
এই রাতেই নামে রহমতের ধারা,
বরকতে ভরে ওঠে মানবের অন্তর।
আসমানের আরশ হতে ফেরেশতারা
নেমে আসে শান্তির বার্তা নিয়ে;
রবের পথে ধ্যানে যে পায় এই রাত,
ধন্য হয় সে অনন্ত পুরস্কারে।
শান্তির ধারা থামে যখন শেষে,
উষার আলো ভোরের বুকে ভাসে;
কদরের সেই পবিত্র প্রহর
রহমতের স্মৃতি রেখে যায় আকাশে।
মহিমান্বিত কদরের এই রজনীতে
তুলি তোমার দরবারে শূন্য দুটি হাত;
কবিরা-সগিরা সব পাপ ক্ষমা করে
কবুল কর উম্মতে মুহাম্মদীর মোনাজাত।
মন্তব্য করুন