
কক্সবাজারের চকরিয়ায় দোলনায় খেলার সময় অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে আকরিদা জন্নাত (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকরিদা স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং প্রবাসী জিয়া উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির উঠানে দোলনায় খেলছিল আকরিদা। খেলার এক পর্যায়ে দোলনার ওড়না তার গলায় পেঁচিয়ে গেলে সে শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে। তার সঙ্গে থাকা অন্য একটি শিশু চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
মন্তব্য করুন