
মুজিব উল্ল্যাহ্ তুষার :
পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায়, টেকসই কৃষি ফলনে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে ব্র্যাক সীডের উদ্যোগে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা সীতাকুণ্ড সদরে অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উত্তর বাজারস্হ রাজবাড়ী রেস্তোঁরায় ব্রাক আয়োজিত এ কর্মশালায় কৃষকদের মাঝে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি চর্চার বার্তা পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহারে মাটি, পানি ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে।
বক্তারা বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, উপকারিতা এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এই কর্মশালায় ব্র্যাকের বিভিন্ন বীজের জাত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয় এবং অঞ্চলভিত্তিক উন্নত মানের বীজ নির্বাচন ও ব্যবহারের বিষয়ে কৃষকদের বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড কৃষি সম্প্রসারণ বিভাগের এসএপিপি মোঃ শাহ আলম।বক্তব্য রাখেন ব্র্যাক ডিষ্ট্রিক্ট কো- অর্ডিনেটর মোঃ ইনামুল হাসান,রিজিওনাল ম্যানেজার সাদিয়া ইসলাম রিয়া,রিজিওনাল সেল্স ম্যানেজার মোঃ সোহেল সিকদার,টেরিটোরি সেলস অফিসার মোঃ জাহেদুল ইসলাম।
কৃষকদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সঠিক জাত নির্বাচন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে ব্র্যাক সীডের পক্ষ থেকে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বায়োপেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের সবজির উন্নত মানের বীজ বিতরণ করা হয়। এ উদ্যোগকে কৃষকরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss