
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
কক্সবাজারের উখিয়া-টেকনাফবাসীর বহুল প্রত্যাশিত টেকনাফ বন্দর অবশেষে সচল হয়েছে । নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যেই বন্দর চালুর উদ্যোগ বাস্তবায়ন করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ।
নির্বাচনী প্রচারণাকালে তিনি ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যে টেকনাফ বন্দর সচল করার সর্বোচ্চ চেষ্টা করবেন । সেই অঙ্গীকার বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে ।
আজ (সোমবার) নৌ পরিবহন মন্ত্রী সরেজমিনে বন্দর এলাকা পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, আজ থেকেই টেকনাফ বন্দরের কার্যক্রম শুরু হচ্ছে। এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং বন্দর ঘিরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দর সচল হওয়ায় স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা । বন্দর চালু হওয়ার ফলে উখিয়া-টেকনাফ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং সীমান্তবর্তী এই অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে ।
বিশেষজ্ঞদের মতে, টেকনাফ বন্দর চালু হওয়া শুধু স্থানীয় পর্যায়েই নয়, জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে । আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা এই অঞ্চলের বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
স্থানীয় ব্যবসায়ীদের অভিমতঃ
টেকনাফ বাজারের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বন্দর বন্ধ থাকায় আমাদের ব্যবসা অনেকটাই স্থবির হয়ে পড়েছিল । এখন বন্দর চালু হওয়ায় আমরা নতুন করে আশার আলো দেখছি । পণ্য আমদানি সহজ হলে ব্যবসা বাড়বে, দামও কিছুটা কমবে বলে আশা করছি ।
আরেক ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ জানান, “টেকনাফ বন্দর চালু হওয়া আমাদের জন্য অত্যন্ত সুখবর । বিশেষ করে সীমান্ত বাণিজ্য বাড়লে এখানকার ছোট ব্যবসায়ীরাও লাভবান হবে । আমরা চাই, এই কার্যক্রম যেন নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় ।
সংসদ সদস্যের বক্তব্যঃ
এ বিষয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে জানান, উখিয়া-টেকনাফবাসীর দোয়া ও সমর্থনই আমার প্রধান শক্তি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি । ভবিষ্যতেও এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ ।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বন্দর সচল হওয়াকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর কার্যক্রম টেকসই ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss