
আবদুল হামিদ
চকরিয়ায় পরিবেশ বিধ্বংসী বালুদস্যু কর্তৃক উপজেলায় কর্মরত তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিংগা নিউ মার্কেট চত্বরে মানববন্ধন কর্মসূচিতে চকরিয়া ও পেকুয়া উপজেলার কর্মরত শতাধিক সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি এম. সাফওয়ানুল করিম, সিনিয়র সাংবাদিক এম. ওমর আলী, এম. আলী হোসেন, আবদুল মজিদ, সাইফুল ইসলাম খোকন, মিজবাউল হক, এস.এম হানিফ, একেএম বেলাল উদ্দিন, জামাল হোসাইন, শাহজালাল শাহেদ, মোহাম্মদ ফারুক, এম. নুরুদ্দোজা জনি, আলাউদ্দিন আলো ও মনিরুল আমিন।
এসময় চকরিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিক আহমদ, আবুল কালাম আজাদ, মনির আহমদ, বিএম হাবিব উল্লাহ, জহিরুল আলম সাগর, আবদুল হামিদ, জুনাইদ, সাইফুল ইসলাম সাইফ, মনজুর আলম, পেকুয়ার কর্মরত এম. দিদারুল করিম, নাজেম উদ্দিনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলাকারী বালুদস্যু নাজিম উদ্দিনের নেতৃত্বে জড়িত অপরাপর সন্ত্রাসীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে সাংবাদিক সমাজ ন্যায় সঙ্গত আন্দোলনের মাধ্যমে সকল অন্যায়, অবিচার ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, গত রোববার বিকাল চারটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ভান্ডারিরডেপা এলাকায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে সরেজমিন চিত্র ধারণ করতে গিয়ে বালুদস্যু নাজিম উদ্দিনের নেতৃত্বে ১০-১২জনের সংঘবদ্ধ সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দৈনিক সংবাদের প্রতিনিধি এম. জিয়াবুল হক, দৈনিক আমার দেশের প্রতিনিধি ইকবাল ফারুক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ছোটন কান্তি নাথ। সেখানে তারা রাত ৮টা পর্যন্ত বালুদস্যুদের হাতে জিম্মি ছিলেন। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন সাংবাদিককে উদ্ধার করে পাশ্ববর্তী ক্লিনিকে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা থেকে সোমবার ভোর চারটার দিকে বাড়িতে ফিরেন আহত তিন সাংবাদিক। ওইদিন সন্ধ্যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের চিকিৎসকের শরণাপন্ন হন তারা। তন্মধ্যে সাংবাদিক জিয়াবুল হক ও ইকবাল ফারুকের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss