
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
ভূমিধস বিজয়ের পরও কোনো উচ্ছ্বাস বা বিজয় মিছিল নয়,বরং দায়িত্ববোধ ও উন্নয়নমুখী অঙ্গীকারের বার্তাই দিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি জানান, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে এখনই কাজে নেমে পড়াই তাঁর প্রধান লক্ষ্য ।
তিনি বলেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই অঞ্চলের মানুষ আমাকে আন্তরিকভাবে ভালোবাসে। তাদের প্রত্যাশার চেয়েও বেশি কাজ করে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই, ইনশাআল্লাহ ।
বিজয়ের উল্লাস প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমরা কোনো বিজয় মিছিল বা উৎসব করবো না। সামনে অনেক কাজ, দেশকে সাজাতে হবে, দেশকে গঠন করতে হবে। এখন সময় দায়িত্ব পালনের।
নির্বাচনী বিশ্লেষকদের মতে, বড় ব্যবধানে জয়লাভের পরও এমন সংযত ও কর্মমুখী অবস্থান রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে সাধারণ মানুষের মাঝে দায়িত্বশীল নেতৃত্বের বার্তা পৌঁছেছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান ও জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই এই বিজয়ের প্রকৃত মূল্যায়ন হবে। তাদের বিশ্বাস, প্রতিশ্রুত পরিকল্পনা বাস্তব রূপ পেলে (চকরিয়া-পেকুয়ার) সার্বিক চিত্র বদলে যাবে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে দৃশ্যমান উন্নয়নে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, উৎসব নয়,কর্মই হবে নতুন এমপির সাফল্যের আসল মানদণ্ড ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss